সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে নদীর চরে নির্বিচারে গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন করেছেন পরিবেশবাদী ও সচেতন নাগরিকেরা। রোববার (১২ এপ্রিল) সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের স্বেচ্ছাসেবীদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি এলাকায় নদীর চরে থাকা হাজার হাজার ছোট-বড় গাছ কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই কেটে ফেলা হচ্ছে। এতে উপকূলীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এসব গাছই প্রাকৃতিক ঢাল হিসেবে নদীভাঙন রোধ করত এবং ঝড়-জলোচ্ছ্বাস থেকে স্থানীয়দের রক্ষা করত। নির্বিচারে গাছ কাটার ফলে বহু প্রাণীর আশ্রয়স্থলও ধ্বংস হয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, এক শ্রেণির মানুষের লোভ ও অবহেলায় এই সবুজ বনভূমি ধ্বংস করা হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও পরিবেশের জন্য অশনিসংকেত। এভাবে গাছ নিধন চলতে থাকলে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে এবং নদীভাঙন তীব্র হবে। মানববন্ধন থেকে অবিলম্বে গাছ নিধন বন্ধ করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
সিডিওর নির্বাহী পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বুড়িগোয়ালিনী ইউপি সদস্য আবিয়ার রহমান, সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, নূরনাহার পারভীন নুহা, শুভজিৎ, শাহিন হোসেন, ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর মুনতাকিমুল ইসলাম রুহানি ও রাজিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফিজুর রহমান।
আপনার মতামত লিখুন