অফিস শেষ করে রাতে বাসায় ফিরে প্রতিদিনের মতোই ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলেন আবু সাঈদ (২৭)। কিন্তু সেই ঘুম আর ভাঙেনি তার। রোববার (১২ এপ্রিল) দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার একটি ভাড়া বাসা থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবু সাঈদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কসাইপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি চিলমারীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং চাকরির সুবাদে উপজেলার থানাহাট ইউনিয়নের ছোট কোস্টারী এলাকার একটি বাসায় একা থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার অফিস শেষে বাসায় ফিরে রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেন আবু সাঈদ। রোববার দুপুর পর্যন্ত তিনি ঘুম থেকে না ওঠায় বাড়ির মালিক মিনারা বেগমের সন্দেহ হয়। পরে আশপাশের লোকজনকে সঙ্গে নিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। একপর্যায়ে কক্ষের দরজা সামান্য খোলা থাকায় তারা ভেতরে ঢুকে আবু সাঈদকে বিছানায় নিথর অবস্থায় দেখতে পান। স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে আনা হলে তিনি সাঈদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সাঈদের সহকর্মীরা জানান, গত কয়েক দিন ধরে তিনি জ্বর ও বুকের ব্যথায় ভুগছিলেন। গতকালও তিনি চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সহকর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন।
আপনার মতামত লিখুন