টাঙ্গাইলের সখীপুরে রাস্তার পাশের ঝোপঝাড় থেকে জীবিত উদ্ধার হওয়া সেই নবজাতক কন্যাশিশুটির নতুন ঠিকানা খুঁজছে উপজেলা প্রশাসন। শিশুটির ‘বিকল্প পরিচর্যা’র (লালন-পালন) জন্য আগ্রহী ব্যক্তিদের আগামী ১৬ এপ্রিলের মধ্যে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে সখীপুর উপজেলা সমাজসেবা কার্যালয় এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিশু আইন ২০১৩-এর ৮৪ ধারা অনুযায়ী আগ্রহী ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবর এই আবেদন জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকল্প পরিচর্যার জন্য আগ্রহী ব্যক্তিদের আবেদনপত্রের সঙ্গে একটি ‘স্বঘোষিত আর্থসামাজিক মূল্যায়ন ফরম’ জমা দিতে হবে। এই ফরমটি টাঙ্গাইল জেলার যেকোনো সমাজসেবা কার্যালয়ে পাওয়া যাবে।
এদিকে মির্জাপুর উপজেলার কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক জানান, নবজাতকটি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আজ সকালে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ শয্যায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার আর কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না। শিশুটির সুস্থতায় চিকিৎসকেরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, ‘আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। ১৬ এপ্রিলের মধ্যে যারা আবেদন করবেন, তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে শিশুটির বিকল্প পরিচর্যার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, গত শনিবার ভোরে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় রাস্তার পাশের ঝোপঝাড় থেকে এই নবজাতককে জীবিত উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাকে চিকিৎসার জন্য দ্রুত মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন