কুষ্টিয়া শহরে প্রকাশ্য দিবালোকে সানি শেখ ওরফে সাগর (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা-মা। রোববার (১২ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে সানির বাবা আব্দুর রাজ্জাক ও মা মুসলিমা খাতুন কান্নায় ভেঙে পড়ে ঘটনার নৃশংস বর্ণনা দেন। তাদের অভিযোগ, বাড়ির সামনে মাদক সেবীদের আড্ডার প্রতিবাদ করায় গত ৮ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চৌড়হাস কোল্ড স্টোরেজ গলিতে সানিকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ১০ মার্চ কুষ্টিয়া মডেল থানায় সানির বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন-প্রবাল (৩৫), শান্ত (২৯), হৃদয় (২৮), বিজয় ও ইমন (২৯)।
সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রতিবেশী নজরুল ইসলামের ছেলে প্রবাল ও শান্তসহ অন্তত ১০ জন মিলে প্রকাশ্য দিবালোকে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার ভিডিও ফুটেজে ঘাতকদের স্পষ্ট দেখা যাচ্ছে। অথচ মামলার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।’
তিনি আরও অভিযোগ করেন, পুলিশ ও র্যাবের কাছে বারবার ধর্না দিলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। উল্টো আসামিদের পক্ষ থেকে মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এতে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি জানান।
সন্তান হারানোর শোকে মুহ্যমান মা মুসলিমা খাতুন বলেন, ‘দিনের আলোয় আমার ছেলেকে কুপিয়ে মেরে ফেলা হলো। এখনো কেন খুনিরা ধরা পড়ছে না? আমি আমার সন্তান হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, সানি হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিরা আত্মগোপনে থাকায় তাদের ধরতে সময় লাগছে।
আপনার মতামত লিখুন