গাইবান্ধার সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের ফোন নম্বর ও ফেসবুক আইডি না পেয়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার ( ১৩ এপ্রিল) সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
দুপুরে উপজেলার বামনডাঙ্গা ডাকবাংলো মোড়ে ‘বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল’–এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে ওই বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি জানিয়ে অংশ নেন।
বক্তারা বলেন, একটি শিক্ষামূলক মেলায় অংশ নিতে গিয়ে নারী শিক্ষার্থীদের এমন হামলার শিকার হওয়া চরম লজ্জাজনক ও উদ্বেগজনক। বখাটেরা শিক্ষার্থীদের কাছে ব্যক্তিগত ফোন নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি চেয়েছিল। ছাত্রীরা তা না দেওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়েছে, যা নারীর নিরাপত্তা ও মর্যাদার জন্য বড় হুমকি। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা, অধ্যক্ষ আবুল কাশেম, শিক্ষক ইনজামাম আজম, পরিচালক নূর-এ আলম এবং আহত শিক্ষার্থী আলফি আক্তার প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান ছিল। মেলায় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল এবং সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
অভিযোগ রয়েছে, মেলা চলাকালে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্র বামনডাঙ্গা শিশু নিকেতনের কয়েকজন ছাত্রীর কাছে ফোন নম্বর ও ফেসবুক আইডি চায়। ছাত্রীরা তা দিতে অস্বীকৃতি জানালে মেলা থেকে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
সুন্দরগঞ্জ থানার পুলিশ জানায়, এ বিষয়ে তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন