সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক রোহিঙ্গা নাগরিক ও এক দালালসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৫টা ২০ মিনিটে কানাইঘাটের কাচারীপাড়া এলাকায় অভিযান চালায় ডোনা বিওপির একটি টহল দল।
অভিযানে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় মো. আলী হোসাইন (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তিনি কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।
এ সময় তাকে সহায়তা করার অভিযোগে দালাল চক্রের সদস্য রুমেল আহমেদকেও (২৩) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসাইন জানান, ভারতের হায়দরাবাদে থাকা পরিবারের কাছে যাওয়ার জন্য তিনি সীমান্ত পাড়ি দিচ্ছিলেন।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার পূর্ব কারাবাল্লা এলাকায় আটগ্রাম বিওপির টহল দল পৃথক অভিযান চালায়। সেখান থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা মো. রুবেল শেখ (৩৩) এবং যশোরের মনিরামপুরের মোছা. শাহানাজকে (৪০) আটক করা হয়। আটক রুবেল চিকিৎসার জন্য এবং শাহানাজ চাকরির সন্ধানে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে বিজিবিকে জানিয়েছেন।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা জোরদারে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিজিবির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন