নওগাঁর বদলগাছী উপজেলায় দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকা চাঁপাইনগর থেকে আধাইপুর পর্যন্ত প্রায় ৭৫০ মিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির মুখে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই খাল পুনঃখননের ব্যবস্থা নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি খাতকে শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। খাল ও জলাশয় পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। এতে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়বে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে আশপাশের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে প্রতিবছর কৃষকেরা ক্ষতির মুখে পড়তেন। চাঁপাইনগর এলাকার কৃষক মামুন বলেন, ‘খালটি খনন হলে এখন আমাদের চাষাবাদে অনেক সুবিধা হবে।’
আধাইপুর এলাকার বাসিন্দা রহিম বলেন, খালটি সংস্কার হলে এলাকার পরিবেশের ভারসাম্যও ফিরে আসবে।
উপজেলা প্রশাসন জানায়, এই খালটি পুনঃখননের ফলে কয়েক’শ একর জমির পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি এটি মৎস্য সম্পদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে। স্থানীয় সচেতন মহল প্রকল্পের স্বচ্ছতা ও কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন