চুয়াডাঙ্গার জীবননগরে একটি ফিলিং স্টেশনে লাইন ভেঙে ও ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল সংগ্রহের চেষ্টায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জীবননগর ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সিফাত হোসেন (২৫)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দণ্ডবিধির ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কাগজপত্র না থাকায় দণ্ডবিধি অনুযায়ী সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, ইয়াসিন আলী ও মোশারফ হোসেন নামের চার ব্যক্তিকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন ২০১৮-এর আওতায় শাহিন উদ্দিন নামের আরেকজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, ‘নিয়মিত তদারকির অংশ হিসেবে ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে সিফাত নামের ওই যুবক ফুয়েল কার্ড ছাড়াই লাইন ভেঙে জ্বালানি তেল নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন। তাকে সতর্ক করে লাইনে দাঁড়াতে বলা হলেও তিনি তা অমান্য করে বিশৃঙ্খলা ও জনমনে ভীতির সৃষ্টি করেন। এ কারণে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।’
আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন