ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারসংক্রান্ত বিদ্যমান অধ্যাদেশকে দ্রুত আইনে রূপান্তরের দাবিতে ঝিনাইদহে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে তামাকবিরোধী নারী জোটের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন অংশগ্রহণকারীরা। এতে জোটের নেতৃবৃন্দ ছাড়াও মানবাধিকারকর্মী, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বেসরকারি সংস্থা ‘উই’-এর পরিচালক শরিফা খাতুন, জেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তহুরা খাতুন, উন্নয়নকর্মী হায়দার আলী, ব্র্যাক প্রতিনিধি শিপ্ৰ বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিদ্যমান অধ্যাদেশকে দ্রুত পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করা জরুরি। তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আপনার মতামত লিখুন