সাতক্ষীরার শ্যামনগরে সরকারি খাস জমি দখল ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে দম্ভোক্তি করার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম হাবিবুল্লাহকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জি এম হাবিবুল্লাহকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো অপকর্মের দায় দল নেবে না। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, শ্যামনগরের নওয়াবেঁকি এলাকায় সরকারি খাস খতিয়ানের জমি দখলের অভিযোগ ওঠে হাবিবুল্লাহর বিরুদ্ধে।
ভুক্তভোগী ব্যবসায়ী মেহেদী হাসানের দাবি, ওই জমির বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও তাদের উচ্ছেদ করে জোরপূর্বক জমিটি দখল করা হয়। সেখানে দলীয় সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হয়েছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হাবিবুল্লাহকে প্রশাসনের কর্মকর্তাদের চ্যালেঞ্জ ছুড়ে বলতে শোনা যায়, ‘এসপি, ডিসিও আমার কিছুই করতে পারবে না।’ তার এমন দম্ভোক্তি ও জমি দখলের ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে জি এম হাবিবুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আখতার বলেন, ‘অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ভুক্তভোগী পরিবারটি জমি পুনরুদ্ধার এবং দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
আপনার মতামত লিখুন