কুড়িগ্রামের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তাইজুল ইসলাম তাজুর ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজটি ফিরে পাওয়া গেছে। ১০ লাখ (১ মিলিয়ন) অনুসারীর এই পেজটি এক দিন অদৃশ্য থাকার পর ফিরে আসায় তার ভক্ত ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে ফেসবুক পেজটি আবার সচল দেখা যাচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার থেকে পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। অনেকেই ধারণা করেছিলেন পেজটি হ্যাক হয়েছে। তবে এক দিন পর আজ সকালে পেজটি ফিরে আসায় সেই শঙ্কা কেটে গেছে। পেজটি ফিরে পাওয়ার পর আজ সকালে তাইজুল ইসলাম তাজু ফেসবুক লাইভেও এসেছেন।
তাইজুল ইসলাম তাজু বলেন, ‘আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, ‘সকাল থেকে তার ফেসবুক পেজটি দেখা যাচ্ছে। সে সকালে পেজটি থেকে লাইভও করেছে। কী কারণে এমনটা হয়েছিল, তা আমরা জানি না। তার পেজ ফিরে পাওয়ায় এলাকার মানুষ খুশি।’
এদিকে সচেতন মহলের মতে, তাইজুল ইসলাম তাজুর সরলতাকে পুঁজি করে কিছু কনটেন্ট নির্মাতা ভিউ বাড়ানোর উদ্দেশ্যে ভিডিও তৈরি করছেন, যা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। অতিরিক্ত আলোচনা-সমালোচনা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন