নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আহত এমরান মিয়া পিরোজপুর জেলা পুলিশে কর্মরত। তার বাড়ি বাগেরহাট জেলায়। তিনি আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, এমরান মিয়া ২০১৭ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি খুলনা থেকে ছেড়ে আসা ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। আজ সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছানোর পর গতি কিছুটা কমে। এ সময় এমরান চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করলে নিচে পড়ে যান। এতে তার দুই পা হাঁটুর ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এমরানের শ্বশুরবাড়ির লোকজনকে বিষয়টি জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন