চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে বাজারের সন্তোষপুর সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে হঠাৎ একটি দোকানে আগুন লাগলে তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তৎপরতায় বাজারের অন্য শতাধিক দোকান রক্ষা পেয়েছে।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে-আবু মিকারের ওয়ার্কশপ, শফিকুর রহমানের থাই গ্লাসের দোকান, কিরণ চন্দ্র দাসের কসমেটিকসের দোকান, মিজানুর রহমান গাজীর ভ্যারাইটি স্টোর, আনোয়ার হোসেনের ভ্যারাইটি স্টোর এবং মাঈনুদ্দিনের লেপ-তোশকের দোকান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে গিয়েছিলেন। খবর পেয়ে এসে দেখেন সব শেষ হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়া এসব ব্যবসায়ী এখন সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ছয়টি দোকান পুড়ে আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হলেও ব্যবসায়ীদের দাবি ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যাবে।
আপনার মতামত লিখুন