ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ইয়াবা সেবনের দায়ে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কয়েদির নাম মরন মিয়া (৪০)। তিনি জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে। মাদক মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়ে গত ৯ মে থেকে তিনি কারাগারে ছিলেন।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে কারাগারে নাস্তা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মরন মিয়া। কারাকর্তৃপক্ষ তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা ১১টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগারের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন তানভীর বলেন, ‘অসুস্থ হওয়ার পরপরই মরন মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর তার রক্তচাপ ও পালস পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মারা গেছেন।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, গত ৯ মে ইয়াবা সেবনের দায়ে সাজাপ্রাপ্ত হয়ে মরন মিয়া কারাগারে আসেন। সকালে হঠাৎ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেল সুপার আরও জানান, মরদেহ বর্তমানে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন