পটুয়াখালীর দুমকিতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। কুকুরের আক্রমণে আহত ব্যক্তিরা দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-আরাবী (৫), জিদান (৬), মুবিন (৮), মুরসালিন (৯), তাইবা (৫) ও নিঝুম (১১)। আহত ব্যক্তিদের অধিকাংশেরই বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা-কালো রঙের একটি কুকুর সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে পথচারী ও শিশুদের কামড়াচ্ছে। কুকুরটির এমন আচরণে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক অভিভাবক সন্তানদের ঘরের বাইরে বের করতে ভয় পাচ্ছেন।
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, ‘কুকুরের কামড়ে আহত ১০ জন এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিষয়টি প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়েছে।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত কুকুরটিকে শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুকুরটি এখনো ধরা না পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত কুকুরটিকে নিয়ন্ত্রণে এনে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন