সংবাদ

রেললাইনের পাশে টেম্পো, ধাক্কায় খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্ক করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে ধাক্কা লেগেছে পর্যটক এক্সপ্রেস ট্রেনের। এতে ট্রেনের একটি দরজা ভেঙে নিচে পড়ে যায় এবং অন্তত ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে বোয়ালখালী পৌর সদরের থানা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী বিরতিহীন ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি দুপুর পৌনে ১টার দিকে গোমদণ্ডী স্টেশন ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরই রেললাইনের একেবারে গা ঘেঁষে অবৈধভাবে রাখা একটি টেম্পোর সঙ্গে ট্রেনটির সজোরে ঘর্ষণ লাগে। এতে টেম্পোর একাংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রেনের একটি দরজা কবজা থেকে খুলে লাইনের পাশে পড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের দরজাটি খুলে পড়ার সময় ভেতরে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। তবে ট্রেনটি দুর্ঘটনার পর না থেমে গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ারুল তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রেনের ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আমরা পেয়েছি। দুর্ঘটনায় দায়ী টেম্পোটি (চট্টমেট্রো-ফ ১১-০৪১৬) এবং ট্রেনের খুলে পড়া দরজাটি জব্দ করে হেফাজতে রাখা হয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’রেলওয়ের পয়েন্টসম্যান রফিকুল ইসলাম বলেন, ‘রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্ক করার কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। চালকদের অসচেতনতা ও নিয়ম না মানার ফলে আজ বড় ধরনের বিপত্তি ঘটল।’

রেললাইনের পাশে টেম্পো, ধাক্কায় খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা