সংবাদ

কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত আটটার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের বারিপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।নিহতরা হলেন-কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাসেম বেপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৮) এবং ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (১৮)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে সোনাপুর থেকে একটি মোটরসাইকেলে করে শিবলু ও জিহাদ কবিরহাটের দিকে যাচ্ছিলেন। বারিপুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনে চলে এসেছিল বলে জানা গেছে। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।খবর পেয়ে কবিরহাট থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করেছে। তবে ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে গেছেন।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া সংবাদকে বলেন, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পিকআপের সামনে এসে ধাক্কা দেয়। এতেই এই প্রাণহানি ঘটে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত