সংবাদ

তিন মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৩ বন্ধুর

হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ওই আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজন মারা যান। আহত বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মিজান মিয়া, বাড়ি চুনারুঘাট উপজেলায়। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুতগতিই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিন মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৩ বন্ধুর