সংবাদ

ফুটবল

বিদায়ের ইঙ্গিত স্কালোনির, কান্নায় ভেঙে পড়লেন কোচ

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের তিক্ত অভিজ্ঞতার পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন আর্জেন্টিনা ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। নিজের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে স্কালোনি জানান, আপাতত ডিসেম্বর পর্যন্ত চুক্তির দায়িত্ব পালন করবেন এবং এরপর তিনি পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। স্কালোনি বলেন, "ডিসেম্বর পর্যন্ত আমার চুক্তি পূরণ করব। এরপর কী হবে, সেটা দেখব।" ​দীর্ঘদিনের সফল যাত্রার স্মৃতি রোমন্থন করতে গিয়ে স্কালোনি আরও বলেন, "আমি কখনো কল্পনাও করিনি যে এই অবস্থানে পৌঁছাব। সামনে এগিয়ে যেতে অনেক কিছু দরকার। আবার নতুন করে শুরু করতে হবে, নতুন একটি দল গড়তে হবে। কিন্তু এমন একটি দল, এমন একটি গ্রুপ হয়তো আর কখনো তৈরি হবে না। বিষয়টি আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি দুঃখিত।" কথাগুলো বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং চোখের পানি সামলাতে না পেরে মাঝপথেই সংবাদ সম্মেলন শেষ করে উঠে যান। ​ফাইনাল হারের পরও নিজের শিষ্যদের লড়াই নিয়ে গর্ব প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, "এটা অবশ্যই কষ্টের। কিন্তু আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছি। কীভাবে আমরা এখানে পৌঁছেছি, তা নিয়ে আমার অনেক কিছু বলার আছে, তবে এখন সেগুলো বলার সময় নয়। এই ছেলেদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা। তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। আমরা জয়েও মহান, পরাজয়েও মহান। আজ আমরা দেখিয়ে দিয়েছি, কীভাবে হার মেনে নিতে হয়।" ​পুরো বিশ্বকাপের অর্জনকে স্মরণ করিয়ে দিয়ে স্কালোনি বলেন, একটি ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে পুরো যাত্রার মূল্যায়ন করা উচিত নয়। তার ভাষায়, "আমরা দায়িত্ব নিচ্ছি, কিন্তু তাই বলে এখানে পৌঁছানোর পথে যা করেছি, তা ভুলে যাওয়া উচিত নয়। দেশের মানুষকে বলতে হবে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। এটি আমাদের জনগণ ও দেশের জন্য একটি বড় উদাহরণ। ফুটবলে হার-জিত থাকবেই; এটাই বাস্তবতা।" ​ফাইনালে হারের স্মৃতি বর্ণনা করে কোচ আরও বলেন, "এখানে পৌঁছানোই অবিশ্বাস্য রকম কঠিন ছিল। অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু এই দলের প্রতি আমার শুধু কৃতজ্ঞতাই আছে। আপনি ভালো খেলতে পারেন, খারাপও খেলতে পারেন। কিন্তু যখন নিজের সবকিছু উজাড় করে দেন, তখন সেই দলকে দোষ দেওয়া খুব কঠিন।" শিরোপা হাতছাড়া হলেও দলের ত্যাগ, লড়াই এবং ঐক্যের ওপরই স্কালোনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন।

বিদায়ের ইঙ্গিত স্কালোনির, কান্নায় ভেঙে পড়লেন কোচ