রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ১৫ ঘণ্টা পার হলেও চার বছরের শিশু হুমায়রা জান্নাতের কোনো হদিস মেলেনি। শিশুটিকে উদ্ধারে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আশপাশের পুকুর, বাগান ও জঙ্গলে তল্লাশি চালালেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল আটটার দিকে শিশুটির সন্ধানদাতা বা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম ব্যক্তিকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবার। নিখোঁজ হুমায়রা দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার বাসিন্দা হাসিবুল হোসেনের মেয়ে। হাসিবুল স্থানীয় বাজারে ওষুধের ব্যবসা করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশে সমবয়সীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় হুমায়রা। দীর্ঘ সময় পার হওয়ার পরও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। নিখোঁজ হওয়ার সময় হুমায়রার পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও হাফপ্যান্ট। পরিবারের ধারণা, শিশুটিকে অপহরণ করা হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি।
শিশুটির দাদা ইসমাইল হোসেন বলেন, ‘দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নাতনির কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে জীবিত বা নিরাপদে ফিরিয়ে দিতে পারলে আমরা এক লাখ টাকা পুরস্কার দেব।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ বলেন, শিশুটিকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল রাতভর সম্ভাব্য সব স্থানে তল্লাশি চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও শিশুটির সঙ্গে খেলতে থাকা শিশুদের সঙ্গেও কথা বলেছে পুলিশ। এটি অপহরণ কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সব দিক বিবেচনায় রেখেই তদন্ত ও উদ্ধার তৎপরতা চলছে।
আপনার মতামত লিখুন