জামালপুরের মাদারগঞ্জে এক রাতেই পৃথক দুটি স্থান থেকে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে উপজেলার বালিজুড়ি ইউনিয়ন ও পৌর এলাকায় এসব চুরির ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে পড়া ক্ষুদ্র খামারি ও কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পূর্ব সুখনগরী গ্রামের কৃষক মনির হোসেনের গোয়ালঘর থেকে পাঁচটি গরু এবং মাদারগঞ্জ পৌরসভার বাণিকুঞ্জ গ্রামের কৃষক শাহ আলীর তিনটি গরু চুরি হয়েছে। শনিবার (১৬ মে) সকালে গোয়ালঘরের দরজা খোলা দেখে তারা চুরির বিষয়টি বুঝতে পারেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মনির হোসেন আক্ষেপ করে বলেন, ‘কোরবানির ঈদের আগে গরুগুলো হারিয়ে আমি আজ নিঃস্ব। বড় অঙ্কের এই আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা আমার পক্ষে সম্ভব নয়।’
এদিকে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকেরা এখন রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। চোরের ভয়ে অনেককে নিজের শয়নকক্ষ ছেড়ে গোয়ালঘরেই রাত যাপন করতে দেখা গেছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে এলাকায় পুলিশের টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। চুরি রোধে নিয়মিত পুলিশি টহল ও চেকপোস্ট বসানোর পাশাপাশি গ্রামাবাসীকে সচেতন করার কাজ চলছে।
আপনার মতামত লিখুন