সংবাদ

সংবাদ ডিজিটাল রিপোর্ট

সংবাদ ডিজিটাল রিপোর্ট


জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের অবিশ্বাস্য জয়

জয় দিয়েই জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। পঞ্চম স্থান নির্ধারণী রোমাঞ্চকর ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা মাঠ ছেড়েছে।চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় বাংলাদেশের মেয়েরা। একের পর এক আক্রমণ সাজালেও গোলমুখের ব্যর্থতায় প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তৃতীয় কোয়ার্টারে এসে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে প্রথম এগিয়ে নেন অধিনায়ক সারিকা রিমন। এরপর চতুর্থ কোয়ার্টারে দারুণ এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন কনা আক্তার। ম্যাচের ৫৯ মিনিটে মালয়েশিয়া একটি গোল শোধ করলেও তা বাংলাদেশের জয় আটকানোর জন্য যথেষ্ট ছিল না।কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরে সরাসরি বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হলেও বাংলাদেশের জুনিয়র বিশ্বকাপে খেলার একটি সূক্ষ্ম সম্ভাবনা এখনো টিকে রয়েছে। যদি আগামী বছরের বিশ্বমঞ্চের আসরটি ভারতে অনুষ্ঠিত হয়, তবে স্বাগতিক কোটায় ভারতের টিকিট নিশ্চিত হওয়ার সুবাদে মহাদেশীয় কোটায় পঞ্চম হওয়া বাংলাদেশ খেলার সুযোগ পাবে। উল্লেখ্য, এবারের আসরে গ্রুপ পর্বে চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত দাপট দেখিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২৩ সালে নবম স্থানে শেষ করা দলের জন্য এই পঞ্চম স্থান অর্জন এক বড় ধারাবাহিক উন্নতির ছাপ রাখে।

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের অবিশ্বাস্য জয়