সংবাদ

অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মস্থলে অনুপস্থিত ৫ জন চিকিৎসককে হাতেনাতে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। চিকিৎসকদের এই দায়িত্বহীনতায় চরম ক্ষোভ প্রকাশ করে তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রী মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গেলে এই অনিয়মের চিত্র সামনে আসে। পরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে নির্দেশনা দেন মন্ত্রী।হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসাসেবার মান আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে। তবে আজকের আকস্মিক পরিদর্শনে কিছু অনিয়ম ও অসংগতি তার চোখে পড়েছে। বিশেষ করে ডেপুটেশনে থাকা চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, এই জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের চিকিৎসাসেবায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে খুব দ্রুত নতুন করে দরপত্র আহ্বান করে অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির কাজ শুরু হবে।

অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর