সংবাদ

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার চাপায় আলিফ মিয়া (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ৪ বছর বয়সী চাচাতো বোন সাওদা গুরুতর আহত হয়েছে। রোববার (৩১ মে) দুপুরের দিকে উপজেলার বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আলিফ উপজেলার পিপলাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। আহত সাওদা একই গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আলিফ ও সাওদা বোর্ডবাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাদের চাপা দিলে দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন। আহত সাওদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম সংবাদকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোরিকশাটি জব্দ করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের