মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ নয়ন বেপারী (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া চাঁনখার ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া নয়ন বেপারী মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের মোহনগঞ্জ (পূর্বপাড়া) এলাকার ইয়ানুছ বেপারীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে সাতঘড়িয়া চাঁনখার ব্রিজের দক্ষিণ পাশে পাকা সড়কে বিশেষ অভিযান চালায় লৌহজং থানা-পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে নয়নকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান চলছিল। অভিযানে মাদকসহ ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।