সংবাদ

ফুটবল খেলা নিয়ে রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে এই সংঘাত শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলার সময় তোপখানা ও চানপাড়া মহল্লার শিশুদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় মহল্লায় মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামবাসী মাঠে নেমে পড়েন। রাতের অন্ধকার থাকায় টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, শিশুদের খেলার জেরে বড়দের এই সংঘর্ষ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক, তবে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

ফুটবল খেলা নিয়ে রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ