চুয়াডাঙ্গার দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে প্রায় ৩৩০ কেজি চুল ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই কাভার্ড ভ্যানের চালক ও ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় ২৩ বস্তা চুল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মো. বকুল হোসেনের ছেলে কাভার্ড ভ্যানচালক মো. শহিদুল ইসলাম (৪৭) এবং একই উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মো. শুকুর আলীর ছেলে ম্যানেজার সানোয়ার হোসেন সান্টু (৩৯)। রোববার (২৩ আগস্ট) রাতে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ২২ আগস্ট চুয়াডাঙ্গার কয়েকজন ব্যবসায়ী ঢাকা থেকে ২৩ বস্তায় প্রায় ৩৩০ কেজি চুল কিনে চুয়াডাঙ্গায় নিয়ে আসেন। পরে সেগুলো প্রক্রিয়াজাতকরণের জন্য একটি কাভার্ড ভ্যানে করে দামুড়হুদার কার্পাসডাঙ্গার একটি কারখানায় নেওয়া হচ্ছিল। পথিমধ্যে কোষাঘাটা এলাকায় একদল ব্যক্তি ভ্যানটির গতিরোধ করে চালক ও সংশ্লিষ্টদের জিম্মি করে চুলগুলো ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনার পর চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও দামুড়হুদা মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে এই ছিনতাইয়ের সঙ্গে কাভার্ড ভ্যানের চালক ও ম্যানেজারের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট বিকেলে চুয়াডাঙ্গা সার্কিট হাউস এলাকা থেকে ছিনতাই হওয়া চুলগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করা হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন