নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর স্কুলছাত্র সৌরভের (১৪) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলার উত্তর বাখরনগর এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা মরদেহটি উদ্ধার করেন।
নিহত সৌরভ পার্শ্ববর্তী বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা গ্রামের কায়েস মিয়ার ছেলে। সে স্থানীয় এএনএম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজার সেতু এলাকায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে সৌরভ। এ সময় নদীর তীব্র স্রোতে সে ভেসে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর রোববার (২৩ আগস্ট) বিকেলে ঘটনাস্থলের কিছুটা দূরে মরদেহটি ভেসে ওঠে।
চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রক্রিয়া চলছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন