হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কাটা ও মজুত করা প্রায় ১৭ হাজার মুলি বাঁশ জব্দ করেছে বন বিভাগ। সোমবার (২৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বাঁশ জব্দ করা হয়।
রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বন বিভাগ জানায়, একটি সঙ্ঘবদ্ধ চক্র সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে বাঁশ কেটে পাচারের উদ্দেশ্যে মজুত করেছিল। অভিযানে বিপুল পরিমাণ বাঁশ জব্দ করা হলেও বনদস্যুদের কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা বাঁশগুলো বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে।
প্রায় ১৭৯৫ হেক্টর আয়তনের রেমা-কালেঙ্গা বনাঞ্চলটি বিচিত্র উদ্ভিদ ও বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে পাহাড়ের ভেতর থেকে অবৈধভাবে গাছ কাটা ও বাঁশ পাচারের কারণে বনের প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। এই নিয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা দীর্ঘ দিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন।
এ বিষয়ে কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘সংরক্ষিত বনের সম্পদ রক্ষায় আমাদের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ কর্মকাণ্ডের খবর পাওয়ামাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। বন উজাড়কারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বন বিভাগ সূত্রে জানা যায়, জব্দ করা এসব বাঁশ নিলামে তোলা অথবা আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তবর্তী দুর্গম এলাকা হওয়ায় পাচারকারীরা প্রায়ই বনের ভেতর সক্রিয় হয়ে ওঠে, যা নিয়ন্ত্রণে বন বিভাগ সজাগ রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন