ঈদুল আজহার টানা পাঁচ দিনের ছুটিতে পদ্মা সেতুতে যানবাহন চলাচল ও টোল আদায়ে ব্যাপক চাপ দেখা গেছে। গত ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত পাঁচ দিনে পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ১ লাখ ৬৩ হাজার ২২৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে মোট ১৭ কোটি ১০ লাখ ৫ হাজার ৭৫০ টাকা।
পদ্মা সেতুর সাইট অফিস সূত্রে জানা যায়, এই পাঁচ দিনে মোবাইল অ্যাপভিত্তিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেমের মাধ্যমে ২ হাজার ১০৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩৭ লাখ ২ হাজার ৪০০ টাকা।
পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, ছুটির প্রথম দিন অর্থাৎ ২৬ মে সেতুতে সর্বোচ্চ যানবাহন চলাচল ও টোল আদায় হয়েছে। ওইদিন ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার হয় এবং ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা টোল আদায় করা হয়। অন্যদিকে, ঈদের দিন ২৮ মে সর্বনিম্ন ২০ হাজার ৮১৫টি যানবাহন পারাপার হয়, যেখান থেকে টোল আসে ২ কোটি ৫ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা।
এদিকে ঈদের ছুটিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত পাঁচ দিনে এক্সপ্রেসওয়েতে ১৩টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে ৫টি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ঈদের ছুটিতে যানবাহনের বাড়তি চাপের কারণে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।
আপনার মতামত লিখুন