তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা প্রার্থনা করেছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। সোমবার (১ মে) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের করা বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক খালেক বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় ব্যক্তি’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘প্রিয় নবী’ বলে ফেলেছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন ভুল বা ‘স্লিপ অব টাং’।’ এই ঘটনার জন্য তিনি মহান আল্লাহর কাছে তওবা করেছেন বলেও জানান। এর আগে গত রোববার বিকেলে ব্যক্তিগত ফেসবুক পেজেও তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছিলেন।
গত শনিবার দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় আবদুল আউয়াল মিন্টুর প্রশংসা করতে গিয়ে তিনি ওই বিতর্কিত মন্তব্য করেন। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে, এম এ খালেকের ফেসবুক পোস্টে বিতর্কিত মন্তব্য করায় ফেনী পৌর যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারীর সমালোচনা করেছেন সাংবাদিকরা। সাংবাদিকদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে প্রতিহত করার হুমকির বিষয়ে খালেক বলেন, ‘কারো অতিউৎসাহী আচরণের দায়ভার দল বা আমি নেব না।’
এই ঘটনাকে কেন্দ্র করে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী এক ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন, ইচ্ছায় বা অনিচ্ছায় এ ধরনের বক্তব্য দেওয়া ‘কুফর’। সংশ্লিষ্ট ব্যক্তিকে অনতিবিলম্বে তওবা করে ইসলামে ফিরে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, অধ্যাপক এম এ খালেক এর আগেও বিভিন্ন কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। গত ১৬ এপ্রিল একটি বিদ্যালয়ে ভিআইপি প্রটোকল নেওয়া এবং গত বছরের সেপ্টেম্বরে এক সভায় বিএনপিকে ‘ফ্যাসিস্ট দল’ বলে সম্বোধন করে তিনি রাজনৈতিক মহলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। সে সময়ও তিনি শব্দচয়ন ভুল হয়েছে বলে দুঃখ প্রকাশ করেছিলেন।
আপনার মতামত লিখুন