সংবাদ

চাটখিলে ভূমি অফিসের ২ কর্মচারীর বিরুদ্ধে মানববন্ধন

নোয়াখালীর চাটখিলে ২০০ বছরের পুরোনো পৈতৃক জমি অনৈতিকভাবে অন্যের নামে নামজারি (জমা খারিজ) করিয়ে দেওয়ার অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার।মঙ্গলবার (১১ আগস্ট) চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে ইউএনও বরাবর একটি স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।অভিযুক্ত দুই কর্মচারী হলেন - চাটখিল ভূমি অফিসের নাজির জসিম উদ্দিন ও পিয়ন জাহাঙ্গীর আলম। ভুক্তভোগী জোহরা ইসলামসহ অন্য ওয়ারিশদের অভিযোগ, তাদের ৮২ শতাংশ পৈতৃক জমির মধ্যে ২২ শতাংশ জমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বহিরাগতদের নামে নামজারি করে দিয়েছেন ওই দুই কর্মচারী। বিষয়টি জানাজানি হলে সহকারী কমিশনার (ভূমি) ওই নামজারি স্থগিত করেন। তবে ভুক্তভোগীদের দাবি, শুনানিতে তাদের যথাযথ সুযোগ না দিয়ে অভিযুক্তরা দখলদারদের পক্ষ নেওয়ার চেষ্টা করছেন।সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাভী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে জমিটির নামজারি শুনানি পর্যায়ে রয়েছে।

চাটখিলে ভূমি অফিসের ২ কর্মচারীর বিরুদ্ধে মানববন্ধন