নোয়াখালীর চাটখিলে ওমানপ্রবাসী এক ভাতিজার স্পর্শকাতর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচি জেসমিন আক্তারের (২৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নারী পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মজ্জাদপাড়া এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
আহত যুবকের নাম জুয়েল। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জুয়েল দীর্ঘ ১১ বছর ওমানে ছিলেন। মাসখানেক আগে তিনি দেশে ফেরেন। প্রবাসে থাকাকালে চাচি জেসমিনের মুঠোফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন তিনি। সেখান থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। জুয়েল দেশে ফেরার পর সেই ঘনিষ্ঠতা আরও বাড়ে। তবে সম্প্রতি পরিবার থেকে জুয়েলের বিয়ের জন্য পাত্রী ঠিক করা হলে তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এর জেরে মঙ্গলবার গভীর রাতে জুয়েল চাচির ঘরে গেলে জেসমিন তার গোপনাঙ্গ কেটে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে অভিযুক্ত জেসমিন আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
চাটখিল থানার ওসি মোহাম্মদ আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন