সংবাদ

বৈরুতে ইসরায়েলি হামলায় ফরিদপুরের প্রবাসী নারী নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় এক বাংলাদেশি প্রবাসী নারী নিহত হয়েছেন। নিহতের নাম দিপালী আক্তার (৩৪)। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব চরশালের গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। গত বুধবার (৮ এপ্রিল) নিয়োগকর্তার পরিবারের সঙ্গে অবস্থানকালে বিমান হামলায় তিনি প্রাণ হারান। ওই হামলায় দিপালীর নিয়োগকর্তাসহ একই পরিবারের আরও ৬ সদস্য নিহত হয়েছেন।শনিবার দুপুরে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। এ সময় তিনি পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী তুলে দেন।নিহতের পরিবার জানায়, গত ৫ বছর ধরে দিপালী লেবাননে গৃহকর্মীর কাজ করছিলেন। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে বিদেশ গেলেও লাশ হয়ে ফিরতে হচ্ছে তাকে। দিপালীর মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ফরিদপুর জেলা শাখার সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী জানান, বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দিপালীর মরদেহ বর্তমানে রফিক হারিরি হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। মরদেহ দেশে আসার পর দাফন ও আনুষঙ্গিক খরচের জন্য পরিবারের হাতে ২৫ হাজার টাকা তুলে দেওয়া হবে।এ সময় চরহরিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোকসন্তপ্ত স্বজনরা দিপালীর মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

বৈরুতে ইসরায়েলি হামলায় ফরিদপুরের প্রবাসী নারী নিহত