সংবাদ

মুকসুদপুরে পুকুর থেকে যুবকের গলিত লাশ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের কচুরিপানার ভেতর থেকে তাহিদুল মোল্যা (৩০) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরতে বের হয়ে নিখোঁজ হওয়ার তিন মাস পর সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ভাকুড়ী গ্রামের ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজের পর তাহিদুলের পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ সন্দেহভাজন সাকিব শেখ নামে একজনকে গ্রেপ্তার করে।ওসি আরও জানান, দুপুরে সুমন নামে এক ব্যক্তি ওই পুকুর পরিষ্কার করতে গেলে কচুরিপানার ভেতর গলিত মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে মরদেহটি তাহিদুল মোল্যা বলে শনাক্ত করেন।নিহত তাহিদুল মোল্যা ওই ভাকুড়ী গ্রামের আক্তার মোল্যার ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মুকসুদপুরে পুকুর থেকে যুবকের গলিত লাশ উদ্ধার