গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বেদেপল্লী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার সিন্দায়ঘাট এলাকার অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের ফয়সাল বেপারী (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি মোটরসাইকেলে করে ওই তিন যুবক গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডু মারা যান। স্থানীয়দের সহায়তায় পুলিশ গুরুতর আহত উজ্জ্বল ও ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, আহত ফয়সাল বেপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে, উজ্জ্বল বাড়ৈ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ আরও জানায়, শনিবার আইনি প্রক্রিয়া শেষে তিনজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন