বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাঠানো এই জ্বালানি তেল গতকাল শনিবার সন্ধ্যায় পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর রিসিভ টার্মিনালে পৌঁছায়। এ নিয়ে চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ১৩ হাজার মেট্রিক টন এবং চলতি বছরে মোট ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো।রোববার (১৯ এপ্রিল) মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশনস) কাজী মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি এপ্রিল মাসে পাইপলাইনের মাধ্যমে মোট ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন এবং গতকাল আরও ৫ হাজার মেট্রিক টন তেল দেশে এসেছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার মেট্রিক টনে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে আসা তেল এখন সরাসরি পদ্মা, মেঘনা ও যমুনা তেল কোম্পানিতে সরবরাহ করা হচ্ছে। আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনের মাধ্যমে এই তেল উত্তরাঞ্চলে পৌঁছাতে ৬ থেকে ৭ দিন সময় লাগত। এখন পাইপলাইনের মাধ্যমে মুহূর্তেই তেল পাওয়া যাচ্ছে। ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হচ্ছে।উত্তরাঞ্চলের জেলাগুলোতে সেচ মৌসুমসহ সারা বছর ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে এই পাইপলাইন স্থাপনের সমঝোতা চুক্তি সই হয়। ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। দুই দেশের চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর এই পাইপলাইনের মাধ্যমে বছরে ২ থেকে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা সম্ভব হবে।