সংবাদ

শ্রীমঙ্গলে ছোট ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বড় ভাই জখম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে ছোট ছেলের ছুরিকাঘাতে আকল মিয়া (৮৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বাবাকে বাঁচাতে গিয়ে বড় ভাই শহিদুর মিয়া (৪৫) ছোট ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর আত্মগোপনে থাকা অভিযুক্ত ছেলে মুশফিকুর রহমান ওরফে মশিককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার ( ১৫ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় আকল মিয়ার নিজের বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মুশফিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে মুশফিকুর ক্ষুব্ধ হয়ে ধারালো ছুরি দিয়ে বাবার ডান পাঁজরের নিচে আঘাত করেন। এ সময় বড় ছেলে শহিদুর মিয়া বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে মুশফিকুর তাকেও ছুরিকাঘাত করেন। শহিদুরের নাভির বাঁ পাশে গুরুতর জখম হয়।পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘাতক ছেলেকে গ্রেপ্তারে অভিযানে নামে। বিকেলে কালাপুরের পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে মুশফিকুরকে গ্রেপ্তার করা হয়। তাকে বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শ্রীমঙ্গলে ছোট ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বড় ভাই জখম