সীমিত সম্পদের মধ্যে আগামী অর্থবছরের বাজেটের আওতায় ‘সব মানুষকে’ আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেছেন, ‘সবার জন্য এই বাজেট। সম্পদের সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার মধ্যে দেশের প্রতিটি মানুষকে বাজেটের আওতায় আনা হয়েছে।’শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নতুন অর্থবছরের বাজেট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বিএনপির নতুন সরকার ক্ষমতায় আসার মাস চারেক পর দেওয়া এ বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘গত দেড় দশক আমাদের অর্থনীতি ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি। কিছু মানুষের অর্থনীতি। নির্দিষ্ট কিছু মানুষকে, একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অর্থনীতির ভাবনায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। সেই ভাবনা থেকে সীমিত সম্পদের মধ্যে সবার জন্যই এই বাজেট দেওয়া হয়েছে।’সংবাদ সম্মেলনে বেলা ৩টা ১০ মিনিটে আসেন অর্থমন্ত্রী। তার ডান পাশে বসেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বাম পাশে বসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।