সংবাদ

মধ্যপ্রাচ্য

ইসরায়েলি অবরোধ: ৫ দিনে নিহত ২৪ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘদিনের ইসরায়েলি অবরোধ চ্যালেঞ্জ করতে ফের সমুদ্রপথে ত্রাণ অভিযানের উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে গাজার উদ্দেশে তাদের নতুন নৌবহর যাত্রা শুরু করবে। চূড়ান্ত যাত্রার আগে জাহাজগুলো স্পেন, পর্তুগাল ও ইতালি হয়ে অগ্রসর হবে। নৌ চলাচলের ওপর অন্যায্য বিধিনিষেধ ভেঙে আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য গাজায় বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রয়োগ নিশ্চিত করা। ​এদিকে পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, গত ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছেন। নিহতদের মধ্যে ২১ জনই প্রাণ হারিয়েছেন বিমান হামলায়। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার প্রায় এক বছর অতিক্রম করলেও সাধারণ মানুষের জন্য নিরাপদ পরিবেশ গড়ে ওঠেনি। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ৭৩ হাজার ৩৮৯ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৭৪ হাজার ২৬৬ জন। ​মানবাধিকার রক্ষায় বিভিন্ন রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের স্টিয়ারিং কমিটির সদস্য জোহার চেম্বারলাইন-রেভেগ বলেন, "আমাদের সরকারগুলো তাদের দায়িত্ব পালনে ক্রমাগত ব্যর্থ হচ্ছে বলেই ফ্রিডম ফ্লোটিলা আবারও যাত্রা করছে।" বিশ্বজুড়ে সমর্থন জোরদারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "ফিলিস্তিনিদের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার স্বাধীনতা দিতে প্রতিটি বন্দরে আমরা এই দাবি তুলে ধরব।" আয়োজক সংগঠনটি ফ্লোটিলার নিরাপদ চলাচল নিশ্চিতের পাশাপাশি ইসরায়েলের ওপর অস্ত্র ও জ্বালানি সরবরাহ বন্ধ এবং বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপে বিশ্ব সম্প্রদায়ের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

ইসরায়েলি অবরোধ: ৫ দিনে নিহত ২৪ ফিলিস্তিনি