জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মিজানুর রহমান বাবু রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
রোববার (২৩ আগস্ট) রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল ও সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানাসহ সংশ্লিষ্ট নেতাদের স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়। গভীর রাতে বহিষ্কারাদেশের কপিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দলীয় সূত্রে জানা যায়, রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগ ওঠে মিজানুর রহমানের বিরুদ্ধে। গত ২১ জুলাই তাকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের আলটিমেটাম দেয় উপজেলা বিএনপি। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িটি দখলমুক্ত না করায় তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন আত্মগোপনে চলে যান। এই সুযোগে রায়কালী গ্রামে অবস্থিত তার দোতলা পাকা বসতবাড়িটি নিয়ন্ত্রণে নেন বিএনপি নেতা মিজানুর রহমান বাবু। অথচ ওই বাড়িটি অগ্রণী ব্যাংকের জিয়ানগর শাখায় ১২ লাখ টাকায় বন্ধক রাখা ছিল। এ ঘটনায় বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করেছেন মিজানুর রহমান বাবু। তার দাবি, বাড়িটি তাদের পৈতৃক সম্পত্তির ওপর নির্মিত। বেলাল হোসেন জোরপূর্বক তাদের জায়গা দখল করে বাড়িটি বানিয়েছিলেন। এখন তারা নিজেদের জায়গা ফেরত নিয়েছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, বিষয়টি তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা বলেন, দলের নাম ভাঙিয়ে কোনো প্রকার অপকর্ম বা দখলবাজি সহ্য করা হবে না। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে যে কেউ শাস্তির আওতায় আসবে।
আপনার মতামত লিখুন