যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১৯২ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি দল সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে।
বিজিবির তথ্যমতে, আটক ব্যক্তির নাম ময়ুর (৪২)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে। জব্দ করা স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ দল দাইতলা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন ময়ুরকে তল্লাশি করলে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ময়ুর স্বীকার করেছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। এরপর যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তার।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বাড়ায় সীমান্তে আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’ সীমান্তে বিজিবির এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন