চাঁদপুরের হাজীগঞ্জে দুই বাসের ‘অসুস্থ’ প্রতিযোগিতার বলি হয়েছেন বিল্লাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তি। রোববার (৩১ মে) সকাল আটটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের টোরাগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিল্লাল হোসেন হাজীগঞ্জ বাজারের ডক্টরস সিটি স্ক্যান হাসপাতালের নিরাপত্তাকর্মী (দারোয়ান) ছিলেন।নিহত বিল্লাল হোসেন শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের সাহেব আলী ভূঁইয়ার ছেলে। তার তিন সন্তান রয়েছে।স্থানীয় বাসিন্দা ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে আসছিল আইদি ও বোগদাদ পরিবহনের দুটি যাত্রীবাহী বাস। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোগদাদ পরিবহনের বাসটি আইদি পরিবহনকে অতিক্রম করার (ওভারটেক) চেষ্টা করছিল। আইদি পরিবহন পথ না ছাড়লে বোগদাদ পরিবহনের বাসটি সড়কের ভুল পথে (রং সাইড) ঢুকে পড়ে। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিল্লাল হোসেনকে চাপা দেয় বাসটি। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সেন্টু নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বাস দুটির অসুস্থ প্রতিযোগিতার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর বাস দুটি রেখে চালক ও সহকারীরা পালিয়ে যান।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, দুর্ঘটনায় জড়িত বোগদাদ ও আইদি পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।