সংবাদ

নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন

নারায়ণগঞ্জ নগরের হাজীগঞ্জে স্থাপিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই এই স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হয়। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ৫ জন উপদেষ্টা এর উদ্বোধন করেছিলেন। এটিই ছিল দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’, যেখানে শহীদদের নাম খোদাই করা রয়েছে।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ বা তাদের কোনো সহযোগী সংগঠন জড়িত কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। অপরাধীদের দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে।স্মৃতিস্তম্ভটির নিরাপত্তার জন্য পাশে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের জন্য চারপাশ কাপড়ে মোড়ানো ছিল। দুর্বৃত্তরা দূর থেকে জ্বলন্ত কাপড়ের দলা ছুড়ে মারলে সেখানে আগুন ধরে যায়। তবে পুলিশ সদস্যরা দ্রুতই তা নিভিয়ে ফেলেন।ওসি আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে আগুনের ভিডিওটি বাড়িয়ে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে আগুন বড় হওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।\ 

নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন