সিলেট মহানগরের রায়নগর দপ্তরিপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে জুয়েল (২৬) নামে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু মো. হাবিলকে (২৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
নিহত জুয়েল ময়মনসিংহের গৌরীপুর থানার সিধলা ইউনিয়নের বাসিন্দা। তিনি নগরের রায়নগর দপ্তরিপাড়ার সাকেরের কলোনিতে থাকতেন। আটক মো. হাবিল নগরের শাহপরান থানার বালুচর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল ও হাবিল একে অপরের বন্ধু ছিলেন। আজ বেলা ১১টার দিকে পূর্ববিরোধের জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে হাবিল জুয়েলকে টেনে পাশের গোয়ালীছড়া খালে ফেলে দেন। সেখানে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে জুয়েলের গলা, পিঠ ও বুকে উপর্যুপরি আঘাত করেন তিনি। পরে স্থানীয় লোকজন জুয়েলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা হাবিলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন