ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর হাজারো দর্শকের উপস্থিতিতে হবিগঞ্জের চুনারুঘাটে ‘ফুটবলার কাজল আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর পর্দা নেমেছে। শুক্রবার (৫ জুন) বিকেলে অনুষ্ঠিত ফাইনালে চুনারুঘাট ফুটবল একাডেমি ৩-০ গোলে হবিগঞ্জ প্লেয়ার্স ইউনিটিকে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে।
চুনারুঘাট সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে চুনারুঘাট ফুটবল একাডেমি। প্রথমার্ধেই তারা দুটি দৃষ্টিনন্দন গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে স্বাগতিকেরা। হবিগঞ্জ প্লেয়ার্স ইউনিটি বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা পায়নি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালিমুল হক।
এ ছাড়া চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো. আল-আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী এবং চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফাইনাল খেলাটি উপভোগ করতে চুনারুঘাট ও পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ৫০ হাজার দর্শকের সমাগম ঘটে। বিপুল এই জনস্রোত সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
চুনারুঘাট ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক সাজিবুল ইসলাম বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে টুর্নামেন্টটি সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত। এই বিশাল আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের বড় টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখব।’
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
আপনার মতামত লিখুন