গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ দূষণ, নদী দখল ও খাদ্যে ভেজালের দায়ে পৃথক দুই অভিযানে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার ও সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
আদালত সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার উত্তরসোম এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণ করায় ‘ইউরিনকো বাংলাদেশ’ নামের একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কারখানাটি সরিয়ে নেওয়া এবং নদীর জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
পরদিন সোমবার বিকেলে উপজেলার নাগরভেলা এলাকায় ‘আইশিন ফুডস কোম্পানি লিমিটেড’ নামের একটি বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ভিন্ন ধরনের রুটি তৈরি করা হচ্ছে। এ ছাড়া উৎপাদিত পণ্যের মেয়াদ এক মাস পর্যন্ত উল্লেখ করা হলেও তার কোনো ল্যাব রিপোর্ট দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এমনকি কারখানার অধিকাংশ কাঁচামালের মোড়ক ছিল চীনা ভাষায় লেখা, যা নিরাপদ খাদ্য আইনের পরিপন্থী। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অনিয়মের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন