পাকিস্তানে আসন্ন পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে দেশটির চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা সংস্থা ‘রুয়েত-এ-হিলাল’ জানিয়েছে, আগামী ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞ জ্যোতির্বিদরা জানিয়েছেন যে আগামী ১৬ ও ১৭ মে-এর মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে (২৯ জিলকদ) সন্ধ্যা নাগাদ চাঁদের বয়স হবে ১৮ ঘণ্টার বেশি। ফলে আকাশ পরিষ্কার থাকলে সেদিন জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।গবেষণা পরিষদের প্রতিবেদন মতে: ১৭ মে চাঁদ দেখা গেলে ১৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সেই হিসাবে ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা পালিত হবে। যদি ১৭ মে চাঁদ দেখা না যায়, তবে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৯ মে জিলহজ মাস শুরু হবে। সেক্ষেত্রে ঈদ একদিন পিছিয়ে ২৮ মে উদযাপিত হবে। তবে রুয়েত-এ-হিলাল গবেষণা পরিষদের মহাসচিব খালিদ আইজাজ মুফতি জানিয়েছেন, বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত অনুযায়ী ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অবশ্য তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-এ-হিলাল কমিটি।পাকিস্তানের আগে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, দেশটিতে আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস এবং পরদিন ২৭ মে বুধবার ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।