কোনো গল্পের একটি তারিখও যে দর্শকদের মনে কতটা গভীরভাবে গেঁথে যেতে পারে, তার অন্যতম প্রমাণ ‘দৃশ্যম’। সিনেমার ২ অক্টোবরের সেই রহস্যময় ঘটনা ঘিরেই আবর্তিত হয়েছে টানটান উত্তেজনার গল্প। এবার সেই আইকনিক তারিখেই মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম সিনেমার তুমুল জনপ্রিয় হিন্দি রিমেকের তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’।সোমবার (২৪ আগস্ট) সিনেমাটির অফিশিয়াল নাম ও নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। নতুন এই কিস্তির নাম দেওয়া হয়েছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। প্রকাশিত পোস্টারে দেখা মিলেছে কেবল অজয় দেবগণের একটি রহস্যময় চোখের, যে চোখ যেন বলে দিচ্ছে গল্পে লুকিয়ে আছে আরও অনেক অজানা মোড়।পোস্টারটি শেয়ার করে অজয় দেবগণ লিখেছেন, ‘প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হয়। আর আমার কাছে আমার পরিবারই সবকিছু।’ এছাড়া পোস্টারের গায়েও লেখা রয়েছে একটি বিশেষ বার্তা—‘আমার কাছে সত্য, সঠিক কেবলই আমার পরিবার।’ এই বার্তা থেকেই স্পষ্ট যে, আগের দুই পর্বের মতো এবারও নিজের পরিবারকে যেকোনো মূল্যে রক্ষা করতে সবটুকু বাজি রাখবেন বিজয় সালগাওকার। এর আগে প্রকাশিত একটি টিজারেও নিজের পরিবারকেই পরম সত্য হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। প্রথম দুই কিস্তির অভাবনীয় সাফল্যের পর ‘দৃশ্যম : দ্য কনক্লুশন’ ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। অভিষেক পাঠক নির্মিত বহুল প্রতীক্ষিত এই সিনেমায় অজয় দেবগণের পাশাপাশি আরও অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, কমলেশ সাওয়ান্ত, জয়দীপ আহলাওয়াত, প্রকাশ রাজ প্রমুখ।