বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে দাবি করেছেন।বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সী ওই ১৪ জন মিয়ানমার নাগরিক স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধীন ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়। সেখান থেকে তাদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।বিজিবি জানায়, আটক ব্যক্তিরা নিরস্ত্র অবস্থায় এবং বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেছেন। অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টসহ দেশের প্রচলিত আইন ও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সংক্রান্ত বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার (১৯ আগস্ট) পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ওই ১৪ মিয়ানমার নাগরিককে আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।এ বিষয়ে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।